logo
Advertisement

হাজার কোটি টাকা ঋণখেলাপিদের বড় সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

এশিয়া পোস্ট নিউজ
হাজার কোটি টাকা ঋণখেলাপিদের বড় সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি: উইকিপিডিয়া

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণখেলাপিদের জন্য ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব গ্রাহক দুই বছর ঋণ পরিশোধে বিরতিসহ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়ন করতে পারবেন। এক হাজার কোটি টাকার কম অঙ্কের ঋণখেলাপিদের জন্য কম সুযোগ রয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সুযোগ নিতে আগ্রহীদের সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে ওই সব আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আওতায় সুবিধা নিয়েছেন, তারা নতুন করে আবেদন জমা দিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে আগে দেওয়া নীতি সহায়তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সার্কুলারে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছে বড় ঋণগ্রহীতাদের। কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের নীতি সহায়তার আওতায় বিশেষ পুনঃতফসিল বা পুনর্গঠনের জন্য আবেদন করা ঋণের স্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হলে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষ ব্যবস্থা নিতে পারবে ব্যাংক।

এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর পর্যন্ত ঋণ পুনঃতফসিল করা যাবে। অর্থাৎ বড় ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলো কিস্তি পরিশোধের শুরুর আগে সর্বোচ্চ দু্ই বছর সময় পাওয়ার পাশাপাশি দীর্ঘ ১৫ বছরে ঋণ পরিশোধের সুযোগ পাবে।

এ সংক্রান্ত আগের জারি করা সার্কুলার ও অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।