ভারত থেকে সার্ভারে প্রবেশ, এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে

অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিপেতে বেশ কিছু নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ভারত থেকে প্রতিষ্ঠানটির সার্ভারে প্রবেশের বিষয়টিও রয়েছে। এসব ঝুঁকির কারণে ডিজিপেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে বিচ্ছিন্ন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, যাচাই-বাছাইয়ের সময় ডিজিপের ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত কার্যক্রমে বেশ কিছু নিরাপত্তাগত ত্রুটি পাওয়া গেছে। এসব ত্রুটি পর্যালোচনার পর প্রতিষ্ঠানটিকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরিফ হোসেন খান বলেন, সাইবার নিরাপত্তা এবং নাগরিকের তথ্যের গোপনীয়তা রক্ষা বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার। কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হওয়ার অভিযোগ উঠলে সেটিকে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ করতে সময় লাগে বলে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটিকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে ডিজিপে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এনপিএসবির মাধ্যমে লেনদেন বন্ধ হয়ে গেছে। তবে অন্যান্য সেবা চালু রয়েছে।


