ভরিতে ৫ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
বুধবার (২৪ জুন) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
অন্যদিকে রূপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হবে ৪ হাজার ৮৪১ টাকায়। ২১ ক্যারেটের রূপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি পৃথকভাবে যোগ হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ঘোষিত বিক্রয় মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। রূপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে পরে পৃথক সিদ্ধান্ত জানানো হবে।
এছাড়া অলঙ্কার বদল বা পুরোনো স্বর্ণ-রূপা ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






