১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৭ কোটি ডলার

মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে ২১৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৮১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ১৭ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।
বাংলদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন সোমবার (১৮ মে) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬১ কোটি ডলার। অর্থ্যাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার।
