ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেনের ওপর দীর্ঘদিন ধরে জারি থাকা ফ্লোর প্রাইস (সর্বনিম্ন মূল্য স্তর) প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৮ জুন) বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এই নির্দেশনাটি আগামীকাল মঙ্গলবার (৯ জুন) থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, সিকিউরিটিজ বাজারের উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্যে এবং শেয়ারের মূল্য ওঠানামা নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২০এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এই নতুন নির্দেশনা জারি করেছে।
এর আগে, ২০২৪ সালের ২৮ আগস্ট এক আদেশের মাধ্যমে ইসলামী ব্যাংক এবং বেক্সিমকোর শেয়ার লেনদেনের ওপর ফ্লোর প্রাইস ও কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করেছিল বিএসইসি। নতুন নির্দেশনায় পূর্বের সেই আদেশটি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হলো।
আদেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলেও তালিকাভুক্ত অন্যান্য সকল সিকিউরিটিজের মতো এই দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ২০২১ সালের ১৭ জুনের আদেশ অনুযায়ী নির্ধারিত সার্কিট ব্রেকারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা (প্রাইস লিমিট) যথারীতি প্রযোজ্য থাকবে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই সিদ্ধান্তের ফলে স্থবির হয়ে থাকা শেয়ার দুটির লেনদেনে যেমন গতি ফিরবে, তেমনি সামগ্রিক পুঁজিবাজারে তারল্য সংকট কাটাতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
শেয়ারবাজারে আজ বেক্সিমকোর প্রতিটি শেয়ারের দাম ছিল ১১০ টাকা। আর ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ টাকা ৬০ পয়সা।