logo

দেশের বাজারে আজ সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণ ভরিতে বেড়েছে পাঁচ হাজার ২৪৯ টাকা। সে হিসেবে বুধবার (২১ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম এত বেশি এর আগে কখনো হয়নি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে স্বর্ণের দামের সঙ্গে এবার রুপার দামও বেড়েছে। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।