স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু।
গত ১৯ মার্চ বিকেলে বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই ঘোষণায় প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা এবং রুপার দাম ৩৫০ টাকা কমানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। ঘোষণার দিনই বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন মূল্য কার্যকর হয়।
নতুন দামে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় লেনদেন হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এরমধ্যে ২৬ বার দাম বেড়েছে, আর ১৯ বার কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়—যেখানে ৬৪ বার বেড়েছিল, কমেছিল ২৯ বার।
স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে কমেছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় লেনদেন হচ্ছে।
চলতি বছরে রুপার দাম ২৯ বার সমন্বয় হয়েছে—এর মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। আর ২০২৫ সালে ১৩ দফা সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল, কমেছিল মাত্র ৩ বার।