logo

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে শক্তিশালী ডলার ও মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর আর্থিক নীতির সংকেতের জেরে শুক্রবার (১৯ জুন) স্বর্ণের দাম কমেছে। সুদের হার না কমায় ও ডলারের মান বাড়ায় এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৯ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৯ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও কমে প্রতি আউন্স ৪ হাজার ২০৭ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

মার্কিন ডলার এক বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করায় অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারভিত্তিক স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে, যা বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শের প্রথম নীতিনির্ধারণী বৈঠকে ফেড সুদের হার ৩ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশ সীমার মধ্যে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। তবে বুধবার প্রকাশিত পূর্বাভাসে দেখা যায়, ১৯ জন নীতিনির্ধারকের মধ্যে নয়জন মনে করেন চলতি বছর সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে।

এদিকে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স ডিসেম্বরের মধ্যে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। যদিও এটি তাদের আগের ৫ হাজার ৪০০ ডলারের পূর্বাভাসের তুলনায় কম। কারণ প্রতিষ্ঠানটি এখন আর চলতি বছরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা দেখছে না।

অন্যদিকে দুবাইয়ের পণ্য বিনিময় কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আমিরাতের বুলিয়ন বাজারে তারল্য বাড়াতে এবং নিরাপদ আশ্রয়সম্পদের চাহিদা কাজে লাগাতে তারা সোমবার একই দিনে নিষ্পত্তিযোগ্য একটি নতুন স্বর্ণ ফিউচার চুক্তি চালু করবে।

এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

এর আগে সবশেষ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দামে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়।