খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মাত্র তিন মাসে এই ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ ২০২৬ শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ওই সময় মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ ছিল শ্রেণিকৃত ঋণ।
মার্চ থেকে জুন—তিন মাসের ব্যবধানে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের তুলনায় শ্রেণিকৃত ঋণের হারও বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট।
জুন শেষে দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে। খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি ব্যাংকগুলোর ঋণমান এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



