logo

আকুর বিল পরিশোধে রিজার্ভ কমল

আকুর বিল পরিশোধে রিজার্ভ কমল

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার কমেছে। বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলারে।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের জন্য আকুভুক্ত দেশগুলোর আমদানি বিল ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার পরিশোধ করার পর রিজার্ভে কমে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত ৫ মার্চ শেষে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আকু বিল পরিশোধের পর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আর মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার। 

বাংলাদেশ ব্যাংক জানায়, গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকু বিল ছিল ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর-অক্টোবরে পরিশোধ করা হয় ১ দশমিক ৬১ বিলিয়ন ডলার। তার আগের দুই মাসে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার বিল পরিশোধ করা হয়েছিল। 

আকু হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।