নতুন নকশার ৫ টাকার নোট চালু

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে উল্লেখ করে নতুন নকশার পাঁচ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সই করা নতুন পাঁচ টাকার নোট মঙ্গলবার (১৯ মে) থেকে প্রচলন শুরু করা হয়েছে।
প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঁচ টাকার নোটের আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। এর সম্মুখভাগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও শাপলা ফুলের নকশা রয়েছে, আর পেছনের অংশে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত আছে। জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখের পাশাপাশি ‘৫’ সংখ্যার ইলেকট্রোটাইপ ও সরকারি মনোগ্রাম ব্যবহার করা হয়েছে।

নতুন নোটটিতে নিরাপত্তা-বৈশিষ্ট্য হিসেবে নিরাপত্তা সুতা ও মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH’ লেখা অন্তর্ভুক্ত রয়েছে। নোটে হালকা গোলাপি রঙের শেড প্রধানভাবে ব্যবহৃত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন পাঁচ টাকার নোট চালুর পাশাপাশি প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বহাল থাকবে। পাশাপাশি সংগ্রাহকদের জন্য পাঁচ টাকার নমুনা (Specimen) নোটও প্রস্তুত করা হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
