রাতে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডি ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হয়।
ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের সভাপতিত্বে সোমবার (১ জুন) রাত ১০টার দিকে অনলাইন প্ল্যাটফর্মে এ সভা হয়।
জানা যায়, ব্যাংকটির নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় পর্ষদের পাঁচজন সদস্য ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন আলতাফ হোসাইন।
এর আগে আজ সকালে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে ফের অস্থিরতা দেখা দেয়। অবিলম্বে তার নিয়োগ বাতিল এবং সাবেক এমডি ওমর ফারুকের পুনর্বহাল দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করে একটি পক্ষ।
পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।
ঈদের আগের শেষ কর্মদিবস ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন তিনি। একই দিন রাত ৯টায় খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
