আম ব্যবসায়ীদের জন্য চার জেলায় শনিবারও ব্যাংক খোলা

আম ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে রাজশাহী বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলায় সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে।
আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সেবা দেওয়ার নির্দেশ দিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়েছে, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমবাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে।
এসব এলাকায় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা; নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আমবাজার এলাকার তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিজ নিজ বিবেচনায় এসব শাখা ও উপশাখা পরিচালনা করতে হবে।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে বলা হয়েছে।






