লক্ষ্মীপুরে হত্যার শিকার মা ও তিন মেয়ের জানাজা অনুষ্ঠিত

এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে হত্যার শিকার মা ও তিন মেয়ের জানাজা অনুষ্ঠিত
জানাজায় রায়পুরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ছবি : এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় রায়পুরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

Advertisement

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় সড়কে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জানাজা শেষে নিহত শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার (১০) মরদেহ নিয়ে স্বজনরা দাফনের জন্য কুমিল্লা জেলার হোমনা উপজেলার লটিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন।

হত্যার শিকার মা ও তিন মেয়ে। ছবি : সংগৃহীত
হত্যার শিকার মা ও তিন মেয়ে। ছবি : সংগৃহীত

জানাজায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, রায়পুর পৌর জামায়াতের আমির ফজলুল করিম, নায়েবে আমির কামাল উদ্দিন, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিহত শাহিনুরের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত, তার নানা দাদন মিয়া, মামা ছানা উল্লাহ ও চাচা জামাল হোসেনও জানাজায় অংশ নেন। তারা হত্যাকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার (২৫ জুন) রাতেই রায়পুরে আসেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, চারজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদ্ঘাটনে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করে অন্তর মজুমদার (২৮) নামের এক যুবক। পরে পালানোর সময় স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।