logo

এলপিজির স্থানীয় ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

এলপিজির স্থানীয় ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ক্রমবর্ধমান সংকট ও মূল্য অস্থিরতার প্রেক্ষাপটে স্থানীয় উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে এলপি গ্যাসের ওপরে যে করভার, তা একটু হলেও কমবে এবং এর ফলে লোকাল মার্কেটে এলপি গ্যাসের দাম আরও কমে আসবে।

জানুয়ারি মাসের শুরুর দিকে সরবরাহ সংকট, কারসাজির অভিযোগ এবং বিভিন্ন স্থানে অভিযানের মধ্যে ব্যবসায়ীরা এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেয়।

পরে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানিতে ভ্যাট ১০ শতাংশ নির্ধারণ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতির সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।