logo

স্বর্ণের দাম টানা তিন দফায় কমলো যত টাকা

স্বর্ণের দাম টানা তিন দফায় কমলো যত টাকা
স্বর্ণালংকারের দোকানের দৃশ্য। ছবি: বাসস

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ২ হাজার ১৫৮ টাকা এবং ২৬ সেপ্টেম্বর ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। ফলে তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট কমেছে ৬ হাজার ৬৫ টাকা।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ সর্বশেষ দফায় এই মানের স্বর্ণের দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা। নতুন দাম অনুযায়ী, এই মানের স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা করা হয়েছিল।

এদিকে স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত দর কার্যকর থাকবে। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার গহনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে গহনা বদল এবং পুরোনো গহনা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।