আজ দেশের সব ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
আজ দেশের সব ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত

বার্ষিক মজুদ গণনা ও যাচাই কার্যক্রমের কারণে বুধবার (১ জুলাই) সারাদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

Advertisement

তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে জেট ফুয়েল সরবরাহ চালু রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও. বিপ.) ফেরদৌসী মাসুম হিমেলের সই করা এক জরুরি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, প্রতি অর্থবছরের সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে বিপিসির আওতাধীন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও আঞ্চলিক ডিপোগুলোতে বার্ষিক মজুদ গণনা এবং বাস্তব মজুদ যাচাই করা হবে। এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনায় বুধবার দিনভর সাধারণ জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।

তবে বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ডিপোগুলোকে জেট এ-১ জ্বালানির সংরক্ষণ ট্যাংকের বার্ষিক যাচাই কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল সরবরাহ পুনরায় চালু করতে বলা হয়েছে।

বিপিসির এই পদক্ষেপ মূলত বার্ষিক হিসাব সমাপনী ও মজুদের সঠিকতা নিশ্চিত করার নিয়মিত কার্যক্রমের অংশ। এ কারণে এক দিনের জন্য সাধারণ জ্বালানি তেল বিতরণ ও বিপণন বন্ধ থাকলেও বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।