বাজেট পারফেক্ট নয়, অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারের ঋণের বিশাল বোঝা মাথায় নিয়ে কাজ করতে হওয়ায় এবারের বাজেট সম্পূর্ণ নিখুঁত (পারফেক্ট) করা সম্ভব হয়নি। দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানান তিনি।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে আয়োজিত ‘বাজেট ডায়ালগ’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ফ্যাসিস্ট ও বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছি। স্বাভাবিকভাবেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি পুরোপুরি নিখুঁত নয়। তবে আমরা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে দেখছি। চলমান অর্থনৈতিক সংকট কাটাতে আমাদের অন্তত দুই বছর সময় লাগবে।
ট্যাক্স নেটের পরিধি বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অল্প টাকা দিয়ে হলেও দেশের মানুষকে করের (ট্যাক্স নেট) আওতায় আসতে হবে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকার নিজেদের স্বার্থে প্রায় ১ হাজার ৩০০টি প্রকল্প তৈরি করেছিল, যার বড় একটি অংশই আমরা বাতিল করেছি। অনেক প্রকল্পের কাজ ৬০ থেকে ৮০ শতাংশ শেষ হলেও দেখা যাচ্ছে সেগুলো প্রকৃতপক্ষে কোনো জনকল্যাণে বা কাজে আসছে না।
ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনৈতিক বিবেচনা বা পক্ষপাত করা হয়নি। অতীতে একটা প্রবাদ তৈরি হয়েছিল যে—যারা রাজনীতি করবে, সুবিধা শুধু তারাই পাবে। কিন্তু আমরা সেই সংস্কৃতির পরিবর্তন করেছি।
বাংলাদেশ ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য কোনো পরিবারই এই সুবিধা থেকে বঞ্চিত হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি প্রকৃত যোগ্য পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।







