জ্বালানি তেলের দাম রেকর্ড বাড়ল

দেশের বাজারে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। এতে সব ধরনের জ্বালানি তেলের মূল্য ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে এ দাম কার্যকর হবে। অর্থাৎ, আজ দিবাগত রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
সরকারি বিস্তারিত মূল্য কাঠামো অনুযায়ী, লিটারপ্রতি এক্স-রিফাইনারি মূল্য (কর-উত্তর) ধরা হয়েছে ডিজেল ১২৩.৫৮ টাকা, কেরোসিনে ১৪৩.৭৮ টাকা, অকটেনে ১৪৯.৭৮ টাকা এবং পেট্রোলে ১৪৪.৯৯ টাকা। এর সাথে ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক পরিশোধ, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ভাড়া এবং ডিলার বা এজেন্টদের কমিশন যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরীযোগে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে গত ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তারিখে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত ভাড়া প্রযোজ্য হবে।
