সেপ্টেম্বরে ২৯ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ২৯১ কোটি টাকা (১ ডলার = ১২২ টাকা ৩০ পয়সা হিসেবে)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর একদিনেই দেশে ১০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৩৩৩ কোটি টাকা।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ২০ লাখ ডলার, যা বর্তমান হিসাবে প্রায় ৩১ হাজার ৩২৫ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৮৪৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩ হাজার ৬৪৯ কোটি টাকা। আর গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৪৬ কোটি ২০ লাখ ডলার, যা প্রায় ৯১ হাজার ২৯০ কোটি টাকার সমান।
অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।
