এক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকা

দেশে ব্যাংকের কার্ডের ব্যবহার বাড়ছে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড—এই তিন ধরনের কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। একই সময়ে এসব কার্ডে লেনদেনের পরিমাণ বেড়েছে ১০১ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে কার্ডের সংখ্যা ও লেনদেন—দুটিই প্রায় দ্বিগুণ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ২০২৬ মাসের কার্ডভিত্তিক লেনদেনের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর মাসে দেশে তিন ধরনের কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ১৬৬টি। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২৯১টিতে। অন্যদিকে কার্ডে লেনদেনের পরিমাণ ২০২১ সালের অক্টোবরের ২ লাখ ৫২ হাজার ৯১৮ কোটি টাকা থেকে বেড়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে ৫ লাখ ৭ হাজার ৫৯০ কোটি টাকা।
কার্ডের ব্যবহার বাড়ার পাশাপাশি বিদেশে বাংলাদেশি কার্ডধারীদের খরচও বেড়েছে। গত সেপ্টেম্বরে দেশের বাইরে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডে মোট খরচ হয়েছে ১ হাজার ৪০২ কোটি টাকা। আগের মাস আগস্টে এই খরচের পরিমাণ ছিল ৯ হাজার ৮৬৭ কোটি টাকা। এক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫ দশমিক ৪২ শতাংশ।
বাংলাদেশি কার্ডধারীরা বিদেশে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে। সেপ্টেম্বরে দেশের বাইরে কার্ডে মোট লেনদেনের ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে খরচের পরিমাণ ছিল ১ হাজার ৫৬৭ কোটি টাকা।
বিদেশে কার্ড ব্যবহারের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে খরচ হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা, যা মোট বিদেশি লেনদেনের ১০ দশমিক ৩৫ শতাংশ। এরপর যুক্তরাজ্যে ১ হাজার ৩ কোটি, চীনে ৭২৮ কোটি, থাইল্যান্ডে ৬৭৬ কোটি, মালয়েশিয়ায় ৬২১ কোটি, সৌদি আরবে ৬১১ কোটি এবং আয়ারল্যান্ডে ৬০০ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশি কার্ডধারীরা।
এ ছাড়া সিঙ্গাপুরে ৫৫৭ কোটি, নেদারল্যান্ডসে ৪৪৫ কোটি, কানাডায় ৩৪৬ কোটি এবং অস্ট্রেলিয়ায় ৩০৯ কোটি টাকা খরচ হয়েছে।
দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহারেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে দেশে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২১৬ কোটি টাকা। আগস্টে এই লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৮৯ কোটি টাকা। এক মাসে লেনদেন বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।
দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। সেপ্টেম্বরে এসব দোকানে কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ২ হাজার ৫৫৬ কোটি টাকা, যা মোট দেশীয় ক্রেডিট কার্ড লেনদেনের ৪৮ দশমিক ৭৬ শতাংশ। আগস্টে এই খাতে খরচ ছিল ১ হাজার ৯৬৯ কোটি টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ খরচ হয়েছে খুচরা বিক্রয়কেন্দ্রে। এ খাতে লেনদেন হয়েছে ৫৩৩ কোটি টাকা বা ১২ দশমিক ৬৫ শতাংশ। ইউটিলিটি বিল পরিশোধে ৩০৯ কোটি, ওষুধ ও ফার্মেসিতে ২৯৪ কোটি এবং নগদ টাকা উত্তোলনে ২৪৮ কোটি টাকা খরচ হয়েছে।
এ ছাড়া পোশাকের দোকানে ২২১ কোটি, সরকারি সেবায় ১৭৩ কোটি, ব্যবসায়িক সেবায় ১৪২ কোটি এবং পরিবহন খাতে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
বাংলাদেশে বিদেশি নাগরিকদের ইস্যু করা কার্ডের ব্যবহার গত সেপ্টেম্বরে কমেছে। ওই মাসে বিদেশিরা বাংলাদেশে কার্ডের মাধ্যমে মোট ২২৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন করেছেন। আগস্টে এ পরিমাণ ছিল ২৪৮ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে এক মাসে লেনদেন কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ।
বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যবহারের ক্ষেত্রেও সবচেয়ে বেশি খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এ খাতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৮০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩৫ দশমিক ২০ শতাংশ। নগদ টাকা উত্তোলনে খরচ হয়েছে ৫৩ কোটি ৭০ লাখ টাকা। এ ছাড়া পরিবহন খাতে ৩৩ কোটি ৪০ লাখ এবং পোশাকের দোকানে ১৭ কোটি ৭০ লাখ টাকা খরচ করেছেন বিদেশি কার্ডধারীরা।
দেশে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। সেপ্টেম্বরে তাদের কার্ডে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮০ লাখ টাকা, যা মোট বিদেশি কার্ডের লেনদেনের ১৯ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য, দেশটির নাগরিকদের কার্ডে লেনদেন হয়েছে ২১ কোটি ৬০ লাখ টাকা। ভারতের নাগরিকদের কার্ডে লেনদেন হয়েছে ২০ কোটি ৩০ লাখ টাকা।
বিদেশে লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট কার্ডের ব্যবহারও বেড়েছে। সেপ্টেম্বরে দেশের বাইরে ডেবিট কার্ডে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ২০ লাখ টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ৪২২ কোটি ১০ লাখ টাকা। এক মাসে এ লেনদেন বেড়েছে।
বিদেশে ডেবিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এ খাতে খরচ হয়েছে ১০৫ কোটি ২০ লাখ টাকা, যা মোট ডেবিট কার্ডের বিদেশি লেনদেনের ২৩ দশমিক ৮৪ শতাংশ। নগদ টাকা উত্তোলনে ৬৫ কোটি ২০ লাখ, ব্যবসায়িক সেবায় ৫৮ কোটি ৭০ লাখ এবং সরকারি সেবায় ৫৪ কোটি ৮০ লাখ টাকা খরচ হয়েছে।
দেশভিত্তিক হিসাবে ডেবিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৩০ লাখ টাকা। এরপর ভারতে ৪৮ কোটি ৬০ লাখ, চীনে ৪৭ কোটি ২০ লাখ, যুক্তরাজ্যে ৪১ কোটি ৩০ লাখ এবং আয়ারল্যান্ডে ৩৮ কোটি টাকা খরচ হয়েছে।
অন্যদিকে বিদেশে প্রিপেইড কার্ডে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। সেপ্টেম্বরে এ ধরনের কার্ডে খরচ হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ টাকা, যা আগস্টে ছিল ৬০ কোটি ১০ লাখ টাকা। প্রিপেইড কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে সরকারি সেবায়, ১৩ কোটি ২০ লাখ টাকা। এরপর নগদ টাকা উত্তোলনে ১১ কোটি ২০ লাখ এবং ডিপার্টমেন্টাল স্টোরে ৯ কোটি ৮০ লাখ টাকা খরচ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৯০৩টি। ক্রেডিট কার্ড রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ৬৩৫টি। আর প্রিপেইড কার্ডের সংখ্যা ৯৬ লাখ ৬৭ হাজার ৭৫৩টি।
২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডেবিট কার্ডের সংখ্যা বেড়েছে ৩৯ শতাংশ। ক্রেডিট কার্ড বেড়েছে ৩৪ শতাংশ। তবে সবচেয়ে বেশি বেড়েছে প্রিপেইড কার্ডের সংখ্যা, ১৮৬ শতাংশ।
কার্ড ইস্যু করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, দেশে ৫৬টি তফসিলি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে ৪৭টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ড, দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড এবং বৈদেশিক মুদ্রার প্রিপেইড কার্ড সেবা দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে কার্ডের ব্যবহার বাড়লেও নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে পুরোপুরি ক্যাশলেস লেনদেন চালু করার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। গ্রামাঞ্চলে ডিজিটাল অবকাঠামোর সীমাবদ্ধতা, আর্থিক সাক্ষরতার অভাব, সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডিজিটাল লেনদেনের প্রতি আস্থার ঘাটতি এ ক্ষেত্রে বড় বাধা। পাশাপাশি নগদনির্ভর অর্থনীতি, লেনদেনের খরচ এবং স্মার্টফোন ব্যবহারের সীমাবদ্ধতাও ক্যাশলেস লেনদেনের প্রসারে প্রতিবন্ধকতা তৈরি করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কার্ডের ব্যবহার বাড়ার ফলে আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। তবে গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং প্রতারণা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি কার্ড ব্যবহারের সুবিধা ও ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সচেতন করা প্রয়োজন।
