logo

ভারতীয় সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

ভারতীয় সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

আশির দশক থেকে রপ্তানিমুখী পোশাক খাতকে উৎসাহিত করতে ও প্রতিযোগিতাসক্ষম রাখতে সুতা আমদানিতে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে সরকার। এবার ভারত থেকে সুতা আমদানি কমাতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রতিবেশী দেশ থেকে কম দামে সুতা আসায় অস্তিত্বের সংকটের মুখে দেশের বস্ত্রকল মালিকরা। তাই তারা চান না, এ সুবিধা আর বহাল থাকুক। এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে কটন সুতা আমদানিতে বন্ড-সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাহার চেয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা। তারা মনে করছেন, এ সুবিধা বাতিল হলে তৈরি পোশাকশিল্প সংকটে পড়বে।

সোমাবার (১৯ জানুয়ারি) ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা।

লিখিত বক্তব্যে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, যদিও পোশাক রপ্তানিকারীরাই বাংলাদেশের স্পিনিং মিলগুলোর উৎপাদিত সুতার একমাত্র ক্রেতা, তারপরও এ রকম স্পর্শকাতর ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পোশাকশিল্পের স্বার্থ সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা চলাকালীন আমাদের মতামত পাশ কাটিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে ট্যারিফ কমিশন।

সেলিম রহমান আরও বলেন, এই একতরফা পদক্ষেপ সরাসরি বিশ্ববাণিজ্য সংস্থার সেফগার্ড চুক্তির ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী, আমদানিতে এ–জাতীয় রক্ষণশীল শুল্ক আরোপের আগে অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্থানীয় শিল্পের গুরুতর ক্ষতি হচ্ছি, সেটি অকাট্যভাবে প্রমাণ করতে হয়। কিন্তু এখানে তা করা হয়নি। এভাবে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা কেবল অনভিপ্রেতই নয়, বরং নীতিগতভাবে চরম প্রশ্নবিদ্ধ হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে বিজিএমইএ ও বিকেএমইএ সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের দাবি- বস্ত্র খাতকে সুরক্ষা দিতে হলে আমদানিতে শুল্ক না বসিয়ে তাদের সরাসরি নগদ সহায়তা বা বিশেষ প্রণোদনা দেওয়া যেতে পারে।

গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা, জ্বালানির মূল্য যৌক্তিকীকরণ, রপ্তানিমুখী সুতা উৎপাদনকারীদের করপোরেট কর রেয়াত এবং স্বল্প সুদে ঋণের সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে স্পিনিং মিলগুলোর উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেওয়া।

সংবাদ সম্মেলনে বিজেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি শিহাব উদদৌজা চৌধুরী, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ উপস্থিত ছিলেন।