logo

বাড়ল ফার্নেস অয়েলের দাম

বাড়ল ফার্নেস অয়েলের দাম
ছবি: বাসস

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ফার্নেস অয়েলের নতুন দাম দাঁড়িয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন করে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানোর ফলে এখন প্রতি লিটার কিনতে ১০৮ টাকা ৭৮ পয়সা ব্যয় হবে।

ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, শিল্পকারখানা ও বিভিন্ন ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে এ জ্বালানির দাম বাড়ায় এসব খাতের উৎপাদন ব্যয়েও প্রভাব পড়তে পারে।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফার্নেস অয়েলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।