Advertisement

বেরোবিতে পাঁচ দফা দাবিতে প্রশাসনের কাছে শিবিরের স্মারকলিপি

এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
বেরোবিতে পাঁচ দফা দাবিতে প্রশাসনের কাছে শিবিরের স্মারকলিপি
বেরোবি প্রশাসনের কাছে শিবিরের স্মারকলিপি প্রদান। ছবি: এশিয়া পোস্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেরোবি শাখা।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও হল প্রভোস্টদের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা হলো—মেধার ভিত্তিতে হলে সিট বণ্টন, হল ডাইনিংয়ের খাবারে ভর্তুকি, এক সিটে একজনের আবাসন নিশ্চিত করা, হলের ওয়াশরুমসহ সার্বিকভাবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবারের মান উন্নত করা।

স্মারকলিপিতে বলা হয়, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আবাসিক পরিবেশ শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনায় সরাসরি প্রভাব ফেলে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সিট সংকট, ডাইনিংয়ের খাবারের দাম ও মান, পরিচ্ছন্নতা এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলগুলোতে সিট সংকটের কারণে অনেক ক্ষেত্রে একটি সিটে একাধিক শিক্ষার্থীকে থাকতে হচ্ছে। এতে পড়াশোনা ও বিশ্রামের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এ কারণে মেধার ভিত্তিতে সিট বণ্টনের পাশাপাশি এক সিটে একজনের আবাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া স্মারকলিপিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হল ডাইনিংয়ের খাবারের ব্যয় শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে উল্লেখ করে ডাইনিংয়ের খাবারে ভর্তুকি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

হলের ওয়াশরুমসহ বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ তুলে স্মারকলিপিতে আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ তৈরিতে হলগুলোতে রিডিং রুমের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে খাবারের মান উন্নয়নের দাবি জানানো হয়েছে।