logo
Advertisement

সুইমিংপুলে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সুইমিংপুলে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
দীপাঞ্জন ঘোষ (প্রিয়ম)। ছবি: প্রিয়মের ফেসবুক আইডি থেকে নেওয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সুইমিংপুলে গোসলে নেমে দীপাঞ্জন ঘোষ (প্রিয়ম) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেটের চৌকিদিখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে এ ঘটনা ঘটে।

প্রিয়ম সিরাজগঞ্জের শাহজাদপুরের রতনকান্দি গ্রামের বাসিন্দা কৃষ্ণ দুলাল ঘোষ এবং চম্পা ঘোষের ছেলে। তবে তার পরিবার ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় বসবাস করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান এশিয়া পোস্টকে জানান, সেমিস্টারের শেষ ক্লাস ও ল্যাব শেষ করে বিকেলে ব্যাচমেটরা মিলে কেক কেটে উদযাপন করেন। এরপর পাঁচ বন্ধু মিলে ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে যান। একপর্যায়ে দীপাঞ্জন পানিতে তলিয়ে যান। সে সাঁতার না জানায় দুর্ঘটনার শিকার হয়েছে, তা সঙ্গীরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি। পানিতে ভেসে ওঠার পর সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের দরগা গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হস্তান্তরের বিষয়ে প্রক্টর বলেন, পরিবারের সদস্যরা রাতের ফ্লাইট মিস করায় সড়ক পথে রওনা দিয়েছেন। পৌঁছাতে সকাল হয়ে যাবে বলে আপাতত মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। সকালে স্বজনেরা পৌঁছালে তাদের চাহিদা অনুযায়ী ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তারা চাইলে ময়নাতদন্ত হবে, অন্যথায় পুলিশের ক্লিয়ারেন্স নিয়ে মরদেহ হস্তান্তর করা হবে। প্রশাসন এতে সর্বাত্মক সহযোগিতা করবে।

ক্যাম্পাসে মরদেহ আনা হবে কি না, এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি পরিবার ও বিভাগের মতামতের ওপর নির্ভর করবে। বন্ধুবান্ধবদের দাবি থাকলে সে অনুযায়ী সহযোগিতা করা হবে।