ইবিতে রাতের আঁধারে লাগানো হলো নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার-পোস্টার

রাতের আঁধারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকটি ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে মঙ্গলবার (৭ জুলাই) সকালে প্রশাসনের নজরে আসলে এসব ব্যানার-পোস্টার খুলে ফেলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি ও রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন এলাকায় এসব ব্যানার-পোস্টার লাগানো হয়। ব্যানারগুলোতে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা, নেতাকর্মী হত্যার বিচার দাবি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ব্যানার-পোস্টারগুলোর নিচে ‘ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা’র নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তার ছবি সম্বলিত একটি ব্যানারের নিচে সংগঠনটির সাবেক সহসভাপতি রতন কুমার রায় এবং একটি ব্যানারে সাবেক সহসভাপতি মাসুদ রানার নাম উল্লেখ ছিল।

এর মধ্যে মাসুদ রানাকে গত বছরের এপ্রিল মাসে পুলিশ গ্রেপ্তার করেছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তাদের ব্যানার টানানোর ছবি এবং ভিডিও কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রচার করা হয়েছে।
সূত্র জানিয়েছে, শিগগিরই ইবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন হতে পারে। আসন্ন কমিটি নিয়ে কেন্দ্রের সুনজরে থাকতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দুই নেতা কয়েকজন কর্মীসহ এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা ক্যাম্পাসে প্রায় তিন থেকে চার ঘণ্টা অবস্থান করেন। এ ছাড়া তারা সামনে ধারাবাহিকভাবে আরও বিভিন্ন কর্মসূচি হাতে নেবেন বলেও জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ছাত্রলীগ বাংলাদেশের আইন অনুযায়ী বর্তমানে নিষিদ্ধ সংগঠন। বিষয়টি জানার পরপরই নিরাপত্তাকর্মীদের মাধ্যমে সকল ব্যানার-পোস্টার অপসারণ করা হয়েছে। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি ইবি থানার ওসিকে বলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।




