logo
Advertisement

একই সময়ে তিন সংগঠনের কর্মসূচি, জবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

এশিয়া পোস্ট ডেস্ক
একই সময়ে তিন সংগঠনের কর্মসূচি, জবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

একই স্থান ও সময়ে তিনটি সংগঠনের সমাবেশ ঘোষণাকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে প্রশাসন।

Advertisement

বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠন সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এতে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেতরে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সব ছাত্রসংগঠনকে প্রশাসনের এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রশিবিরসহ কয়েকটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জকসুর নেতাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ওই ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ ও ৬ আগস্ট অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল। এর মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা আসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হলো।