ছাত্রলীগের ধারাবাহিক নাশকতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশজুড়ে ককটেল হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।
মিছিলে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে খোরশেদ আলম সোহেল বলেন, ছাত্রলীগ ঢাবি ক্যাম্পাসসহ সারাদেশে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করেছে। আজকেও তারা ক্লাস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদে ককটেল বিস্ফোরণ করেছে।
তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আর কোনো সাধারণ শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের নাশকতা করতে দেবে না। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
