ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো-সিল-মনোগ্রাম প্রকাশ

নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো, সিল ও মনোগ্রাম প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ট্রেজারার বলেন, লোগোটি চূড়ান্ত করা হয়েছে। এতে শুধু রঙে পরিবর্তন আনা হয়েছে, তাই এ বিষয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হবে। তবে লোগোর সাদা-কালো সংস্করণে কোনো পরিবর্তন আনা হয়নি।
তিনি আরও বলেন, অফিসিয়াল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লোগো সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আপাতত আইডি কার্ড ও অন্যান্য জরুরি কাজের জন্য লোগোটি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত লোগোতে শিল্ড আকৃতির নকশার মধ্যে খোলা বই, উদীয়মান সূর্য ও গ্লোবের প্রতীক ব্যবহার করা হয়েছে। এতে ‘Learn, Create, Inspire’ স্লোগান যুক্ত করা হয়েছে। গাঢ় নীল, গাঢ় লাল, সাদা ও কমলা রঙের সমন্বয়ে তৈরি লোগোর নিচের রিবনে লেখা রয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
বিশ্ববিদ্যালয়ের প্রতীকী সিলে বৃত্তাকার নকশা ব্যবহার করা হয়েছে। বাইরের নীল বৃত্তে ইংরেজিতে ‘LEARN • CREATE • INSPIRE’ এবং নিচে ‘DHAKA CENTRAL UNIVERSITY’ লেখা রয়েছে। নীল, সাদা, লাল ও সোনালি রঙের সমন্বয়ে তৈরি এই সিল শিক্ষা, জ্ঞানচর্চা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ঢাল আকৃতির প্রতীকের ওপরের অংশে লেখা রয়েছে ‘LEARN • CREATE • INSPIRE’। নিচের অংশে রাখা হয়েছে উদীয়মান সূর্য, খোলা বই ও পৃথিবীর প্রতীক। মনোগ্রামের নিচে ফিতার আকৃতিতে লেখা রয়েছে ‘DHAKA CENTRAL UNIVERSITY’। সরকারি নথি, লেটারহেড, পরিচয়পত্র, প্রকাশনা ও অন্যান্য আনুষ্ঠানিক কাজে ব্যবহারের উপযোগী করে এটি ডিজাইন করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর ১০ এপ্রিল ২০২৬ জাতীয় সংসদে এর আইন পাস হয়।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাতটি সরকারি কলেজ হলো; ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।





