logo
Advertisement

গোবিপ্রবিতে শিক্ষক সংকট নিরসনে আর্কিটেকচার শিক্ষার্থীদের আন্দোলন

গোবিপ্রবিতে শিক্ষক সংকট নিরসনে আর্কিটেকচার শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলন করে গোবিপ্রবির আর্কিটেকচার শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আর্কিটেকচার বিভাগে শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস-পরীক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অধিকাংশ ব্যাচ সেশনজটে পড়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলন শুরু করেন আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা। দিনভর আন্দোলন চলার পর বিকেলেও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীদের দাবি, আর্কিটেকচার বিভাগে বর্তমানে মাত্র তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন। এই অল্পসংখ্যক শিক্ষক দিয়ে বিভাগের একাধিক ব্যাচের নিয়মিত ক্লাস, পরীক্ষা, পরীক্ষা মূল্যায়ন ও অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে অ্যাকাডেমিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে এবং অধিকাংশ ব্যাচ সেশনজটে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট নিরসনের জন্য তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। তবে কার্যকর কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। বিভাগে অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে মোট ১৬ জন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তরের সামনে গিয়ে অবস্থান নেন। পরে তারা ভিসি দপ্তরের দরজায় তালা ঝুলিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক সংকট দ্রুত নিরসন এবং অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।