Advertisement

জ্ঞান ও মেধাই উন্নয়নের মূল শক্তি: তথ্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, ববি
জ্ঞান ও মেধাই উন্নয়নের মূল শক্তি: তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুল দিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে শুভেচ্ছা জানানো হয়। ছবি: এশিয়া পোস্ট

প্রাকৃতিক সম্পদের চেয়ে জ্ঞান ও মেধাকেই একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি উল্লেখ করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছ, তোমাদের অর্জনে আমরা গর্বিত। তোমাদের মনে রাখতে হবে, আজকের এই বিশ্ব শুধুই সম্পদের ওপর নির্ভর করে না। পৃথিবীতে যেসব দেশ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে, তারাই প্রকৃত অর্থে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উন্নয়নের মূল শক্তি হলো—জ্ঞান ও মেধা। সম্পদ থাকতে পারে, কিন্তু জ্ঞানের অভাবে সেই সম্পদও বোঝা হয়ে যায়। মানুষই একমাত্র প্রাণী, যে তার জ্ঞান ও বুদ্ধির প্রয়োগে পৃথিবীকে বদলে দিয়েছে। তাই তোমাদের জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে। আজকের এই মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৭টি অনুষদের ১০৯ জন শিক্ষার্থীর হাতে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ তুলে দেওয়া হয়।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬-এর আহ্বায়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।