logo

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, দুই দিনে আটক ৫

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, দুই দিনে আটক ৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ। ছবি: বাংলা ট্রিবিউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল ভর্তি একটি ব্যাগ এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এর আগের দিনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে দুই দিনে এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বৃষ্টির মধ্যে টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন দুই যুবক পালানোর চেষ্টা করলে শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাবির সালেহীন দিপুর স্থায়ী ঠিকানা বাগেরহাট সদর থানার যাত্রাপুর গ্রামে। অপরজন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিলের স্থায়ী ঠিকানা পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া গ্রামে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ জানান, টিএসসিতে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই তারা ধাওয়া শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজন এবং উদ্যানসংলগ্ন ফটক থেকে আরেকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, বিস্ফোরণের পর শিক্ষার্থীরা সন্দেহভাজন দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাদের শাহবাগ থানায় পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে টিএসসি, ভিসি চত্বর, সিনেট ভবন, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, নীলক্ষেত তোরণ, জগন্নাথ হল ও শাহবাগ মোড়সহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় টিএসসি ও জগন্নাথ হল এলাকা থেকে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন- নাটোরের গুরুদাসপুরের রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়ার সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ (৩৩)।

এদিকে ক্যাম্পাসে পরপর দুই দিনের বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এসব ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে দায়ী করেছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক কাজী আশিক এক যৌথ বিবৃতিতে ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাকে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।