সবুজ ক্যাম্পাস গড়তে ছাত্রদল নেতার লিফলেট বিতরণ

সবুজ ক্যাম্পাস, সুস্থ পরিবেশ, উজ্জ্বল ভবিষ্যৎ—এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষার্থী সংযোগ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে রুমি বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুরু থেকেই শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বর্তমানে বৃক্ষরোপণের মৌসুম চলছে। তাই আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করেছি।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলি। সবুজ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।





