বাসা খোঁজার ভোগান্তি কমাতে বেরোবি শিক্ষার্থীর অ্যাপ ‘ঘরবাড়ি’

এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
বাসা খোঁজার ভোগান্তি কমাতে বেরোবি শিক্ষার্থীর অ্যাপ ‘ঘরবাড়ি’
অ্যাপটির নির্মাতা আবু পলাশ। ছবি : এশিয়া পোস্ট

বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি, আবাসন পরিবর্তন কিংবা চাকরির প্রয়োজনে নতুন এলাকায় মেস বা বাসা খুঁজে পাওয়া অনেকের জন্যই এক বড় চ্যালেঞ্জ। নির্ভরযোগ্য তথ্যের অভাব এবং দালালনির্ভরতার কারণে এই ভোগান্তি আরও বাড়ে। শিক্ষার্থীদের এমন চিরচেনা সমস্যার ডিজিটাল সমাধানে ‘ঘরবাড়ি’ (GhorBari) নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী।

অ্যাপটির নির্মাতা আবু পলাশ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংশ্লিষ্টরা জানান, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন এলাকার মেস ও বাসার খালি সিটের তথ্য সহজেই জানা যাবে। মেস মালিক বা মেস মনিটররা নিজেরাই এখানে খালি সিটের তথ্য যুক্ত ও হালনাগাদ (আপডেট) করতে পারবেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কিংবা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মেস খোঁজার চিরাচরিত ভোগান্তি অনেকটাই কমে আসবে।

অ্যাপটির নির্মাতা আবু পলাশ বলেন, নতুন শিক্ষার্থীদের আবাসন খোঁজার ভোগান্তি কমানোর লক্ষ্যেই ‘ঘরবাড়ি’ অ্যাপটি তৈরি করেছি। বিশেষ করে ভর্তি মৌসুম ও বর্ষাকালে শিক্ষার্থীদের মেস বা বাসা খুঁজে পেতে চরম সমস্যায় পড়তে হয়। তাদের জন্য একটি সহজ ও স্থায়ী সমাধান তৈরি করাই ছিল আমার উদ্দেশ্য।

অনুপ্রেরণার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অ্যাপটি তৈরিতে আমার বিভাগের বড় ভাই রনির কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। তিনি আগে ‘মেস ব্যবস্থাপনা’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন। ‘ঘরবাড়ি’ অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রকাশ করতে আমার প্রায় ৩৫ মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে এই তরুণ বলেন, এখানে যে কেউ নিজের মেস বা বাসার খালি সিটের তথ্য যোগ করতে পারবেন। যত বেশি তথ্য যুক্ত হবে, শিক্ষার্থীরা তত বেশি উপকৃত হবেন। ভবিষ্যতে এটিকে শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত আবাসন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।

ইতোমধ্যে ‘GhorBari’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।