কবি নজরুল কলেজকে হারিয়ে বিতর্কে চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী কলেজ

‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’—শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ছায়া সংসদ বিতর্কের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সরকারি দলের ভূমিকায় অংশ নেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বিরোধী দলের ভূমিকায় প্রতিদ্বন্দ্বিতা করে কবি নজরুল সরকারি কলেজ। যুক্তিনির্ভর তর্ক, তথ্য ও পাল্টা যুক্তির সূক্ষ্ম শৈলী উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা ডেঙ্গু মোকাবিলায় নাগরিক দায়িত্ব ও রাষ্ট্রীয় উদ্যোগের নানা দিক তুলে ধরেন। জমজমাট লড়াই শেষে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে সোহরাওয়ার্দী কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিজয়ী দলের বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোছা. আছমা আক্তার বেলী বলেন, আজকের বিজয়ে আমি অত্যন্ত আনন্দিত। এ অর্জন বিতার্কিকদের মেধা, সততা ও নিরলস অধ্যবসায়ের ফল। তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও দলগত বিতার্কিক শাহরিয়ার আজিম অনুভূতি ব্যক্ত করে বলেন, এই অর্জন সোহরাওয়ার্দী কলেজের বিতর্ক চর্চায় নতুন গতি আনবে। নবীন বিতার্কিকেরা ভবিষ্যতে জাতীয় ও টেলিভিশন বিতর্কেও এই সাফল্যের ধারা ধরে রাখবে বলে আমি আশাবাদী। আমাদের উৎসাহ যোগাতে উপস্থিত সাধারণ শিক্ষার্থী, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় এবং মডারেটর শিক্ষকদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
একই সঙ্গে চমৎকার প্রতিদ্বন্দ্বিতার জন্য কবি নজরুল কলেজের বিতার্কিকদেরও ধন্যবাদ জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, এমন ছায়া সংসদ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
