ভিডিও কলের পর কক্ষে মিলল রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

রাজশাহী নগরীর আমজাদের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহফুজুর রহমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে ‘আয়েশা টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাহফুজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
সহপাঠীরা জানান, বেশ কিছু দিন ধরে মাহফুজুরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মানসিক অস্থিরতা চলছিল। বুধবার দুপুরে তার এক ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল বলে জানা গেছে। কথোপকথনের একপর্যায়ে ওই তরুণী মেস ম্যানেজারকে ফোন করে দ্রুত মাহফুজুরের কক্ষে যাওয়ার অনুরোধ জানান।
পরে মেস ম্যানেজার ও কয়েকজন শিক্ষার্থী মাহফুজুরের কক্ষের সামনে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। অনেকবার ডাকাডাকি ও ধাক্কাধাক্কির পর কক্ষে প্রবেশ করে তারা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহফুজুরকে দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, খবর পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ঘটনাস্থলে যান। মরদেহে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
