ইউল্যাবে মণিপুরি সংস্কৃতি ও সংগীত নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগ (জিইডি) এবং গবেষণা সংস্থা ‘মাত্রা’-এর যৌথ উদ্যোগে ‘মণিপুরি সংস্কৃতি: সমাজ, উৎসব ও পরিবেশনশিল্প’ শীর্ষক একটি একাডেমিক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ইউল্যাব ক্যাম্পাসে ‘ইনট্রোডাকশন টু ড্রামা’ কোর্সের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
কর্মশালার একাডেমিক সেশন পরিচালনা করেন বিশিষ্ট মণিপুরি গবেষক সুকান্ত সিনহা। আলোচনায় তিনি মণিপুরি জনগোষ্ঠীর ইতিহাস, সমাজজীবন, সাংস্কৃতিক ঐতিহ্য, উৎসব, সংগীত ও নৃত্যধারা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তার উপস্থাপনা শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও বিশিষ্ট নৃত্যশিল্পী অর্ণব শর্মা ‘পুং’ (মণিপুরি মৃদঙ্গ) বাদন এবং শাস্ত্রীয় মণিপুরি নৃত্য পরিবেশন করেন। তার পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা মণিপুরি পরিবেশনশিল্পের নান্দনিকতা, তাল-লয় ও শৈল্পিক বৈশিষ্ট্য সরাসরি উপভোগের সুযোগ পান।
আয়োজকদের মতে, তত্ত্বীয় আলোচনার পাশাপাশি এ ধরনের পরিবেশনা শিক্ষার্থীদের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সুযোগ বাড়িয়ে দেয় এবং দেশের বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করে।
ইউল্যাবের জিইডি বিভাগ ও ‘মাত্রা’র পক্ষ থেকে জানানো হয়, দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য সংরক্ষণ এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
.png)





