Advertisement

ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর জবি ডিনের পদত্যাগ

এশিয়া পোস্ট নিউজ, জবি
ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর জবি ডিনের পদত্যাগ
অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ডিন কার্যালয় ত্যাগ করার তিন দিনের মাথায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর নাসির উদ্দিন আহমেদ। একই সঙ্গে অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহলী মাহবুব।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন নিয়োগের তথ্য জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী আগামী দুই বছরের জন্য তাকে ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে।

এর আগে গত ১২ জুলাই জ্যেষ্ঠতার ভিত্তিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পরপরই জুলাই আন্দোলনকালীন তার ভূমিকা নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের একটি অংশ আপত্তি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়।

গত ১৬ জুলাই ডিন কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের একাংশ তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে ডিন পদ থেকে অপসারণের দাবি জানায়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতিতে তিনি ডিন কার্যালয় ত্যাগ করেন। পরে তিনি পদত্যাগ করেন।

ডিনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। লিখিত বক্তব্যে প্রশাসন জানায়, ড. আইনুল ইসলামকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। লিখিত অভিযোগ, তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অনুভূতির প্রতি প্রশাসনের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে কোনো শিক্ষককে ভয়ভীতি প্রদর্শন, হেনস্তা বা বিচারবহির্ভূতভাবে দোষী সাব্যস্ত করার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। সব ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে।’

তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারেন। এর বেশি কিছু বলতে চাই না।’

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, অধ্যাপক আইনুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় দপ্তরে পাঠানো হয়েছে।