logo
Advertisement

মেয়াদ শেষের ৩ মাসের মধ্যেই পরবর্তী চাকসু নির্বাচন দিতে হবে: জিএস

এশিয়া পোস্ট নিউজ, চবি
মেয়াদ শেষের ৩ মাসের মধ্যেই পরবর্তী চাকসু নির্বাচন দিতে হবে: জিএস
চাকসু জিএস সাইদ বিন হাবীব। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাইদ বিন হাবীব বলেছেন, আজকে চাকসু নির্বাচনের মেয়াদ ১০ মাস পূর্ণ হয়েছে। বর্তমান ছাত্র সংসদের মেয়াদ শেষের তিন মাসের মধ্যেই পরবর্তী চাকসু নির্বাচন দিতে হবে।

Advertisement

রোববার (২৩ আগস্ট) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর উদ্যোগে আয়োজিত ক্যাম্পাস টু ক্যাডার প্রোগ্রামে এ মন্তব্য করেন তিনি।

এসময় চাকসু জিএস বলেন, চাকসু নির্বাচন যদি কার্যকর থাকে, কোনো রাজনৈতিক দলের আধিপত্য এই ক্যাম্পাসে থাকবে না। কারণ, চাকসু নেতারা এবং চাকসু প্রতিনিধিরাই শিক্ষার্থীদের বক্তব্য প্রশাসনের সামনে তুলে ধরবে। আমরা ইতোমধ্যেই শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন এবং স্কিল ডেভেলপমেন্টের জায়গাগুলোতে আমরা কাজ করেছি।

তিনি আরও বলেন, আবাসন এবং যাতায়াত—এ দুটি ক্যাম্পাসের সবচেয়ে বড় সমস্যা। আমরা এই জায়গাগুলোতে ছোট ছোট কাজ করতে পেরেছি। একটা ট্রেনের পুরো বগি পরিবর্তন হয়েছে এবং শাটল ট্রেন নিয়ে আরেকটা প্রস্তাবনা দিয়েছি। সোহরাওয়ার্দীর এক্সটেনশন, ফরহাদ হলের অতিরিক্ত ভবন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া, সূর্য সেন হলের তিনটা বিল্ডিং, পুরাতন শামসুন নাহার ভবন—এই জায়গাগুলো আমরা পরিবর্তনের চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় ৬৯০ কোটি টাকার একটা বাজেট প্রক্রিয়াধীন। খুব স্বল্প সময়ের মধ্যেই যে টিএসসি নির্মাণের ঘোষণা আপনারা পেয়েছেন, এটার সঙ্গেই আরেকটা হল নির্মাণের ঘোষণা আসবে ইনশাআল্লাহ।

চাকসু আয়োজিত এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অধ্যাপক ড. আতিয়ার রহমান, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, ৩৮তম বিসিএস ক্যাডার (শিক্ষা) তাহের শওকত, ৪৩তম বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) রোরহান উদ্দীন, চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, নির্বাহী সম্পাদক জান্নাতুল ফেরদাউস সানজিদা।