তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধর, আলিফ পরিবহনের তিন বাস আটক

এশিয়া পোস্ট নিউজ, তিতুমীর কলেজ
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধর, আলিফ পরিবহনের তিন বাস আটক
আলিফ পরিবহনের তিনটি বাস কলেজ ক্যাম্পাসে এনে রাখেন শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে আলিফ পরিবহনের একটি বাসের চালক ও হেলপারের মারধরের অভিযোগে আলিফ পরিবহনের তিনটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বনশ্রী থেকে মিরপুর-১০ যাওয়ার পথে আলিফ পরিবহনের বাসে মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, বাসটির চালক ও হেলপার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন সরকারকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে থেকে আলিফ পরিবহনের তিনটি বাস আটক করেন শিক্ষার্থীরা।

আল-আমিন সরকার বলেন, বনশ্রী থেকে মিরপুর-১০ যাওয়ার জন্য আমি আলিফ পরিবহনের একটি বাসে উঠেছিলাম। পথে আলিফ পরিবহনের দুটি বাস যাত্রী নেওয়ার প্রতিযোগিতায় একে অপরকে ওভারটেক করতে গিয়ে বেপরোয়া গতিতে চলছিল। শেওড়াপাড়া এলাকায় পৌঁছানোর পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। এতে ৮ থেকে ৯ জন যাত্রী আহত হন। এ ঘটনার প্রতিবাদ জানালে চালক ও হেলপারের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আমাকে মারধর করেন।

আলিফ পরিবহনের হেলপার ইব্রাহিম বলেন, একজন শিক্ষার্থীর হাত কেটে যাওয়ার একটি ছবি আমাদের দেখানো হয়েছে। ওই ঘটনার জের ধরেই বাসগুলো আটক করা হয়েছে। তবে কোন বাসের সঙ্গে কী ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমরা কিছু জানি না। সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা আমাদের বাস ক্যাম্পাসে নিয়ে আসে। কিন্তু আমাদের বাসের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি।