জাবি উপাচার্যের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং বর্তমান প্রশাসনের ভিশন-মিশন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ভৌত অবকাঠামো এবং প্রশাসনের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।
বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

