logo

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়
ট্রফি হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবাড়ুরা। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চার দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দেশের মোট ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে ঢাবি দাবা দল।

গত ১৪ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন সুব্রত বিশ্বাস, জারিন তাসনিম, নওশীন, ওয়ালিজা আহমেদ এবং জান্নাতুল ফেরদৌস। পুরো টুর্নামেন্টজুড়ে দলের প্রতিটি খেলোয়াড়ই অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে তোলেন।

সাত রাউন্ডের খেলায় প্রতিটি ম্যাচে আধিপত্য ধরে রেখে ১৪ পয়েন্ট পেয়ে বিজয় তুলে নেয় ঢাবির দাবাড়ুরা। শেষ রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৩–১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সাত রাউন্ডের খেলায় প্রতিটি ম্যাচে আধিপত্য ধরে রেখে ১৪ পয়েন্ট পেয়ে বিজয় তুলে নেয় ঢাবির দাবাড়ুরা।

টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন এবং কোচের দায়িত্বে ছিলেন মোহাম্মদ জালাল উদ্দীন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে নিজেদের সব ম্যাচে আধিপত্য বজায় রেখে ট্রফি উঁচিয়ে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ছাড়া সাত ম্যাচে তিনটি দল ১০ পয়েন্ট করে পাওয়ায় টাইব্রেকিংয়ের ভিত্তিতে ফার্স্ট রানার্স আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পরাগ। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়াসিন আরাফাত।

এছাড়া সহকারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিদে আরবিটার তানজিলা তুর নূর, সংগ্রাম দাস, আনোয়ার হোসেন টিটু, আসিয়া খাতুন এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মনজুর আলম।