ইয়াবা বিক্রির অভিযোগে ববি ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, পরবর্তীতে জামিন

বরিশাল মহানগরীতে ইয়াবা বিক্রির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাতে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়ক এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে পরদিন তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।
মামলার প্রধান আসামি মো. আরাফাত ইসলাম (২২) রূপাতলীর সোবহান খান গলির বাসিন্দা। দ্বিতীয় আসামি তাইজুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
মামলার নথিসূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাতে আমতলা মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের ট্যাংকি থেকে বিশেষ কায়দায় রাখা নীল রঙের পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। পুলিশ জানায়, আসামিরা বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রেখেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গত ২২ জুলাই তাদের আদালতে সোপর্দ করা হয়।
.png)




-df7057.jpg)
