মানিকগঞ্জে জবির বাসে হামলা, আহত ১০

স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের হামলার শিকার হয়।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, বাসের চালকসহ অনেকেই আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে, আরও অনেকে আঘাত পেয়েছেন।
জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, বনদক্ষিণ বাজারে আমাদের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। যত দূর শুনেছি, বাসটি ওই এলাকার এক অটোরিকশাচালকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায়। আমাদের শিক্ষার্থীরা নেমে সম্ভবত অটোরিকশাচালককে ধাক্কা দেয়। এর জের ধরে পরবর্তীকালে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বাসে হামলা চালায়।
তিনি আরও বলেন, আমাদের যে বাসটিতে হামলা হয়েছে সেটির নাম ‘কালীগঙ্গা’, যেটি মানিকগঞ্জ রুটে যাতায়াত করে। হামলায় প্রায় ১০ জনের মতো আহত হয়েছেন, যার মধ্যে দুজনের গুরুতর আঘাত রয়েছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটলেও জবির বাসটি তার সঙ্গে জড়িত ছিল না বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে স্থানীয় লোকজন ভুল বুঝে বা ঘটনাটি ওই বাসের কারণে ঘটেছে মনে করে বাসটিকে লক্ষ্য করে হামলা চালায়।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর থানায় যোগাযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত মামলা দিলে তা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)


