নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা

এশিয়া পোস্ট নিউজ, ঢাকা কলেজ
নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা
রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাতে তীব্র উত্তেজনা দেখা যায়। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। পরে পুলিশ ও ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের জুবাইদুল ইসলাম তালহা এবং তার সহপাঠী নাজমুল, সিয়াম ও আবু বকর।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রাতে তারা কয়েকজন নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন। ওই সময় পাশের একটি দোকানে এক নারী ক্রেতা পণ্যের দাম কম বলায়, তিনি চলে যাওয়ার পর দোকানদার তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন।

শিক্ষার্থীরা জানান, তারা ওই দোকানদারকে এ ধরনের আচরণের কারণ জিজ্ঞেস করলে দোকানদার তাদের পরিচয় জানতে চান। নিজেদের ঢাকা কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দিলে ওই দোকানদার কলেজ ক্যাম্পাস নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এর প্রতিবাদ করায় দোকানের কর্মচারী এবং আশপাশের কয়েকজন ব্যবসায়ী হঠাৎ ভেতরের আলো বন্ধ করে তাদের ওপর হামলা চালান। হামলার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা ক্যাম্পাসে খবর দিলে সহপাঠীরা এসে তাদের উদ্ধার করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিউমার্কেট এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরবর্তীতে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়।