আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেছেন, জুলাইয়ের পর একটি গোষ্ঠী বলেছিল—মক্কা বিজয়ের পর রাসুল (স.) সবাইকে মাফ করে দিয়েছিলেন, আমরাও ফ্যাসিস্টদের মাফ করে দিলাম। কিন্তু আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করবো না।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় ফরিদুল ইসলাম বলেন, জুলাই নিয়ে আমার এমন কিছু স্মৃতি আছে, যা আমি কাউকে বলিনি। আমার মনে হয়, এখন তা বলা উচিত। খুন, গুম ও হত্যার সংস্কৃতির কারণেই এই জুলাই সংগঠিত হয়েছিল। জুলাই-পরবর্তী সময়ে এসে এখন একটি গোষ্ঠী আবারও এমন ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে, যা কখনোই কাম্য নয়। একাত্তরকে কুক্ষিগত করতে গিয়ে আওয়ামী লীগ যেমন শেষ হয়ে গেছে, তেমনি একটি গোষ্ঠী যারা জুলাইকে কুক্ষিগত করতে চাচ্ছে, তারাও একদিন শেষ হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমরা অতীতেও কারও সঙ্গে আপস করিনি, বর্তমানেও করবো না। একটি আন্দোলন কার্যকর করতে যে সমন্বয় দরকার, আমি নিজে সেটা করেছি। আমি আন্দোলনকারীদের বলেছিলাম, তোমরা কখনো রাজপথ ছেড়ো না। আন্দোলনের সময় বিভিন্ন বাহিনীর লোকেরা যখন আমাকে হুমকি দিয়েছিল, তখন আমার স্ত্রী আমার হাত ধরে কান্না করেছিল। বলেছিল, তোমার কিছু হয়ে গেলে আমার পরিবারের কী হবে।
উপাচার্য বলেন, আজ আমরা এসব কথা বলি না বলেই আমাদের ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দেওয়া হয়। জুলাইয়ের পর একটি গোষ্ঠী বলেছিল, মক্কা বিজয়ের পর রাসুল (স.) সবাইকে মাফ করে দিয়েছিলেন, আমরাও ফ্যাসিস্টদের মাফ করে দিলাম। কিন্তু আমরা কখনোই ফ্যাসিস্টদের মাফ করবো না।
এ সময় প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ঐক্যবদ্ধ না থাকলে অভ্যুত্থানবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, যার ফল আমাদের ভুগতে হবে। নতুন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের মতো মব কালচার যেন কোনোভাবেই ফিরে না আসে, সেজন্য নির্বাচিত সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ এবং প্রধান আলোচক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।



