Advertisement

ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. বছির

এশিয়া পোস্ট নিউজ, ববি
ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. বছির
ড. আবদুল আলিম বছির। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আবদুল আলিম বছির। তিনি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে নবনিযুক্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির যোগদান করেন। এ সময় সেখানে সদ্য বিদায়ী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা এবং জিনিয়া খান ঝিনুক স্বাক্ষরিত এ অফিস আদেশে বলা হয়েছে, ড. আবদুল আলিম বছির নিজ দায়িত্বের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি এ দায়িত্বের জন্য নির্ধারিত দায়িত্ব ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন। তার যোগদানের তারিখ থেকেই আদেশটি কার্যকর হবে।

একই আদেশে পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য ধন্যবাদ জানিয়ে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনরত মো. হুমায়ুন কবীর গত ২৯ এপ্রিল থেকে ২৭ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। অফিস আদেশ অনুযায়ী, তিনি নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর করবেন এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।