logo

কে কতটি জেলায় ঘুরেছেন জানাবে রবিনের ডিজিটাল ম্যাপ

আজিম সাগর, চবি
কে কতটি জেলায় ঘুরেছেন জানাবে রবিনের ডিজিটাল ম্যাপ
মো. সাব্বির হোসেন রবিন ও তার ডিজিটাল ম্যাপ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ভ্রমণের নেশা প্রতিটি মানুষকেই টানে। কারও মন টানে পাহাড়ের নীল ঢেউ, কারও সমুদ্রের অবিরাম গর্জন। আবার কেউ পথ হারাতে চান কোনো অচেনা জনপদের ভিড়ে। কিন্তু ফিরে আসার পর সেই পথচলার অনেক গল্পই স্মৃতির পাতায় চাপা পড়ে থাকে। ভ্রমণের গল্প যদি মোবাইল অ্যাপের মাধ্যমে স্বচক্ষে দেখা যায় তবে তা যুক্ত করে ভিন্ন মাত্রা। এমন ভাবনা থেকেই শখের বশে অ্যাপ বানিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী মো. সাব্বির হোসেন রবিন।

তিনি তৈরি করেছেন ভ্রমণবিষয়ক প্ল্যাটফর্ম ‘আনসিন বাংলাদেশ’ (www.unseenbangladesh.com)। শখের বশে তৈরি করা এই ওয়েবসাইটভিত্তিক মোবাইল অ্যাপটি চালুর এক সপ্তাহের মধ্যেই ৬০ হাজারের বেশি ব্যবহারকারীর নজর কেড়েছে।

সাইটটিতে প্রবেশ করলেই অনায়াসে ফুটে ওঠে বাংলাদেশের মানচিত্র। সেখানে ভ্রমণপিপাসুরা অল্প সময়েই যুক্ত করতে পারেন তাদের জেলা ভ্রমণের তথ্য ও নানা অভিজ্ঞতা। কয়েক ক্লিকেই জানা যাচ্ছে, ৬৪ জেলার মধ্যে কে কতটি ঘুরে দেখেছেন। নিজের দেখা জেলাগুলো রঙিন মানচিত্রে তুলে ধরে সংরক্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করা যাচ্ছে। কোনো প্রকার অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই ফোন বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে সম্পূর্ণ ফ্রিতে এটি ব্যবহার করা যাচ্ছে। এতে একদিকে ভ্রমণের স্মৃতি ধরে রাখা যাচ্ছে, অন্যদিকে এখনো যাওয়া হয়নি এমন জেলাগুলো ঘুরে দেখার পরিকল্পনাও করা যাচ্ছে।

চালুর মাত্র এক সপ্তাহের মধ্যে অ্যাপটির পেজ ভিউ হয়েছে প্রায় ৯৫ হাজার। একই সময়ে একযোগে ২ হাজার ৭০০-র বেশি মানুষ অনলাইনে সাইটটি ব্যবহার করেছেন, যা প্রতিনিয়ত আরও বাড়ছে।

রবিন চবির অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হলের আবাসিক ছাত্র।

পেশাগত জীবনে এক ডিজাইন এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশের ক্লায়েন্টদের সঙ্গে কাজ করা রবিন এশিয়া পোস্টকে জানান, তার এই উদ্যোগের পেছনের গল্প। তিনি বলেন, আমি সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে বের হই। একদিন ভাবলাম, বাংলাদেশের যেসব জেলায় গিয়েছি, তা যদি মোবাইলের স্ক্রিনে মানচিত্রের মাধ্যমে তুলে ধরা যেত। এমন কোনো সহজ প্ল্যাটফর্ম না পেয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে মাত্র দেড় ঘণ্টার চেষ্টায় আমি এটি তৈরি করি।

অর্থনীতিতে পড়াশোনা করলেও আইটি সেক্টরে কাজের অভিজ্ঞতা এবং শখের তাড়নাই তাকে এ উদ্ভাবনে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি। তিনি বলেন, পরিবারে চার ভাই-বোনের মধ্যে আমি সবার বড়। ছাত্রজীবনে অর্থনীতি বিভাগে পড়লেও পেশাগত জীবনে আইটি সেক্টরে কাজ শুরু করছি। আমার নিজস্ব একটি ডিজাইন এজেন্সি রয়েছে, যার মাধ্যমে আমি দেশ-বিদেশের বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করি। কাজের মাঝে সুযোগ পেলেই আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি।

তিনি আরও বলেন, আমি ভ্রমণ পিপাসু মানুষ। সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ি। নতুন নতুন জেলা ঘুরতে গিয়ে হঠাৎ করেই একদিন ভাবলাম, বাংলাদেশের যতগুলো জেলায় ভ্রমণ করেছি সেটা মোবাইলের স্ক্রিনে ম্যাপের মাধ্যমে তুলে ধরা যায়। এই ভাবনা থেকেই বসে গেলাম অ্যাপ বানাতে। মাত্র দেড় ঘণ্টার চেষ্টায় আমি অ্যাপটি বানিয়েছি। এটি ব্যবহারে কোনো অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আর এটি সম্পূর্ণ ফ্রি। ফোন বা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে www.unseenbangladesh.com খুললেই চালু হয়ে যাবে। বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ এটি সহজেই ব্যবহার করতে পারবে।

অপ্রত্যাশিত এই সাড়া পাওয়ার পর রবিন এখন প্ল্যাটফর্মটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান। তিনি বলেন, এত অল্প সময়ে এটি এত সাড়া ফেলবে তা ভাবিনি। ভালো ফান্ডিং পেলে আরও উন্নত ফিচার যুক্ত করতে পারব। এতে প্রযুক্তি ব্যবহারে তরুণ প্রজন্মও উৎসাহিত হবে।

রবিনের এই সাফল্যে চবি ক্যাম্পাসে বইছে আনন্দের হাওয়া। এ বিষয়ে এশিয়া পোস্টের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। রবিনকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা জ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। রবিনের এই তৈরি অ্যাপ বিশ্ববিদ্যালয়ের জন্য এক অনন্য অর্জন। আশা করি, তার এই সাফল্য দেখে অন্য শিক্ষার্থীরাও তথ্যপ্রযুক্তির ব্যবহারে আরও উৎসাহিত হবেন।