ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আব্দুর রব হলের সামনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় আব্দুর রব হলের প্রধান ফটকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের গেটের ওপরে ওঠেন। সেখানে তিনি নিজ বিভাগের একটি অনুষ্ঠানের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক তারের ওপর ঝুলে পড়েন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিলে তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরও কিছুক্ষণ বেঁচে ছিলেন। চবি মেডিকেল সেন্টার থেকে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, ছেলেটি আসলে ঘটনাস্থলেই মারা গেছে বলে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে ফোন পাওয়ার পর আমি বিষয়টি দেখেছি। তাকে অ্যাম্বুলেন্সে করে শহরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গাড়ির লোকজনের কথাবার্তা শুনে মনে হচ্ছে দুর্ঘটনাটি ঘটার পরপরই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
চবির সহকারী প্রক্টর কামরুল হোসেন বলেন, আমরা জানতে পেরেছি বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়ে আমাদের শিক্ষার্থী আরিফুল ইসলাম মৃত্যুবরণ করেছে। ইতোমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তিবর্গ তাকে দেখতে হাসপাতালে গেছেন। তার এই অকালমৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে।

