বেরোবিতে সংঘর্ষ-সহিংসতা পেরিয়ে একই মঞ্চে শিবির-ছাত্রদল

টানা দুই দিনের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে একই মঞ্চে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশিবিরের সভাপতিসহ নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন।
কর্মসূচির শুরুতে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা হাতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে মডার্ন মোড় প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে এসে শেষ কর।
পরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতেও উপাচার্যের সাথে শিবির ও ছাত্রদলের সভাপতি বৃক্ষরোপণে অংশ নেন।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মুরাদ বলেন, ছাত্রদল কোনো প্রোগ্রাম করেছে আর আমরা কখনও বাধা দিয়েছি এমন কোনো ঘটনা নেই। আমরা আগেও যেমন বাধা দেইনি এখনও দেই না। আমরা চাই ক্যাম্পাস সহাবস্থানে থাকুক, স্থিতিশীল পরিবেশে থাকুক। এবং আমরা আশাকরি তারা যে শিবির মুক্ত ক্যাম্পাস লিখেছে এটা দুপুরের মধ্যে মুছে দেবে।
ছাত্রদল সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, শিবির ও ছাত্রদলের জুলাই নিয়ে কোনো মতপার্থক্য নেই। জুলাই গণ-অভ্যুত্থানে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা ত্রাসের রাজনীতি থেকে মুক্তি পেয়ে সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি। জুলাই যেমন আমাদের ঐক্যবদ্ধ করেছিল সেই ঐক্যবদ্ধভাবেই নতুন বাংলাদেশে গড়তে হবে। মতবিরোধ, দ্বন্দ্ব রাখা যাবে না। তা নাহলে আবারও ফ্যাসিবাদীরা ফিরে আসবে। বিশৃঙ্খলা, মতবিরোধ, সহিংসতা পরিহার করি। আসুন সুন্দর একটা বাংলাদেশ গড়ি।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আজকে আমাদের একটা আনন্দের দিন। সব ছাত্র-জনতা যেভাবে ২৪ এর জুলাইয়ে গণ-অভ্যুত্থান করেছিল তারই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। আমরা আশা করি আর যেন কোন স্বৈরাচার কিংবা আওয়ামী লীগ না আসতে পারে। সেজন্য তারুণ্যের অহংকার তরুণরা যেভাবে একত্রিত হয়ে কাজ করেছে এখনো তাদের মধ্যে যে সৌভাগ্য পূর্ণ পরিবেশ সেটা আজকেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে। আমরা যে বর্ণাঢ্য রেলি করলাম সেখানেও কিন্তু সর্বস্তরের শিক্ষার্থী, ছাত্রদল ও ছাত্রশিবির সবাই একসাথে সম্পন্ন করলাম। এছাড়াও আমরা বৃক্ষেপণ কর্মসূচিও পালন করলাম।
.png)

